‘ক্রিমিনাল! মাফিয়াদের মতো আচরণ…’, কার বিরুদ্ধে অমিত শাহকে নালিশ কাজলের বোন তানিশার?

“বিবাহিত পুরুষের সঙ্গে যে নারী সম্পর্কে জড়ান, তাঁরা কোনওভাবেই নারীবাদ নন। বরং খলনায়িকা…”, দিন কয়েক আগেই এহেন মন্তব্যে শোরগোল ফেলে দিয়েছিলেন তানিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দর্শকমহলে....

“বিবাহিত পুরুষের সঙ্গে যে নারী সম্পর্কে জড়ান, তাঁরা কোনওভাবেই নারীবাদ নন। বরং খলনায়িকা…”, দিন কয়েক আগেই এহেন মন্তব্যে শোরগোল ফেলে দিয়েছিলেন তানিশা মুখোপাধ্যায় (Tanishaa Mukerji)। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দর্শকমহলে কাজলের বোন বলেই পরিচিত তিনি। দিনো মোরিয়ার সঙ্গে জুটি বেঁধে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ কিংবা তুতো জামাইবাবু আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার ব্যানারে ‘নিল অ্যান্ড নিক্কি’র মতো সিনেমা করলেও বলিউডের পিচে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি। তবে মুখার্জিদের দুর্গাপুজোয় তাঁর উপস্থিতি বরাবর নজর কেড়েছে। এবার নালিশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দরবারে তানিশা মুখোপাধ্যায়।

অভিনেত্রীর মন্তব্য, ‘ক্রিমিনাল! মাফিয়াদের মতো আচরণ করছে।…’ কার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কাজলের বোন? কৌতূহল অমূলক নয়! অভিযোগ, তানিশাদের লোনাভলার পৈতৃক বাড়িতে নাকি কারি কারি টাকা ইলেকট্রিক বিল এসেছে। শুধু তাই নয়, বিল মেটাতে না পারলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টাকা দিতে বাধ্য করা হচ্ছে। আর এহেন অভিযোগ নিয়েই অমিত শাহ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের দ্বারস্থ হয়েছেন তিনি।

 

 

 

তানিশার অভিযোগ, মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড গ্রাহকদের বিল পরিশোধে বাধ্য করার জন্য বিশাল অঙ্কের বিল পাঠাচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। অভিনেত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘লোনাভলায় মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড মাফিয়ার মতো আচরণ করছে! তারা বিশাল অঙ্কের বিল ধরিয়ে দিচ্ছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টাকা দিতে বাধ্য করছে। এটা রীতিমতো অপরাধীদের মতো কাজ! বিল পরিশোধের নির্ধারিত তারিখের আগেই শনিবার সন্ধেয় এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া এবং মানুষকে কার্যত গিমিকে পরিণত করেছে।’ এরপরই দেবেন্দ্র ফড়ণবিস, অমিত শাহদের ট্যাগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তানিশা মুখোপাধ্যায়। তিনি লেখেন, ‘দয়া করে আপনারা লোনাভলায় আসুন! এখানে কোনও নিয়ম-কানুন নেই। যা খুশি তাই করছে এরা!’