এক বছর আগে যে ছবি ভারতীয় সিনেমার মুখ উজ্জ্বল করেছিল আন্তর্জাতিক মঞ্চে, সেই সিনেমা এ বার নিজের দেশেই ব্রাত্য। ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী ভারতীয় পরিচালক অনুপর্ণা রায়ের প্রথম ছবি ‘Songs of Forgotten Trees’-এর ভারতে মুক্তির পথ আটকে দিয়েছে দেশের সেন্সর বোর্ড।
সেন্সর বোর্ডের মনে হয়েছে এই ছবি সমাজের পক্ষে ক্ষতিকর। তাই ছবিটিকে মুক্তির ছাড়পত্র দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পরিচালক। ২০২৫ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবের Horizons বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছিল অনুপর্ণার প্রথম ছবি। আন্তর্জাতিক চলচ্চিত্রমহলে সেই সাফল্যের পর এ বছর ফের ভেনিসে ফিরেছেন তিনি। কারণ যে দেশকে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার জিতেছিলেন, সেই দেশেই তাঁর ছবিটি দর্শকের কাছে পৌঁছতে পারছে না।
অনুপর্ণার কথায়, কয়েক দিন আগেই সেন্সর বোর্ডের তরফে তাঁদের জানানো হয়, ‘Songs of Forgotten Trees’ সমাজের জন্য হুমকি। এমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক পরিচালক। তাঁর প্রশ্ন, একটি বন্ধুত্বের গল্প কী ভাবে সমাজের জন্য বিপজ্জনক হতে পারে? পরিচালকের বক্তব্য, ‘‘আমি এই সেন্সরশিপে ভীষণভাবে হতাশ। আমি এখানে দেশের প্রতিনিধিত্ব করেছি, দেশের হয়ে পুরস্কার জিতেছি।’’
‘Songs of Forgotten Trees’ মূলত দুই অভিবাসী মহিলার বন্ধুত্বের গল্প। মুম্বইয়ের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকেন তাঁরা। দু’জনের জীবনযাপন এবং পেশা একেবারেই আলাদা। তাঁদের মধ্যে একজন যৌনকর্মী, অন্যজন একটি কল সেন্টারে কাজ করেন। পেশাগত পরিচয়ের বাইরে ছবিটি মূলত তাঁদের সম্পর্ক, একাকিত্ব, শহুরে জীবনের অভিজ্ঞতা এবং বন্ধুত্বকে কেন্দ্র করে তৈরি। খুব সংবেদনশীল ও মানবিক দৃষ্টিভঙ্গিতে দুই মহিলার জীবনকে পর্দায় তুলে ধরেছেন অনুপর্ণা। ছবিটি মূলত দুই মহিলার ব্যক্তিগত জীবন ও বন্ধুত্বের গল্প। তবু সেন্সর বোর্ডের আপত্তিতে সেই ছবির ভারতীয় মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।