টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ১, ধৃতের সংখ্যা বেড়ে ১১। আর সেই এগারো নম্বর অভিযুক্ত ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। শুক্রবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তদন্তকারীদের দাবি, মূল অভিযুক্ত অনিল পণ্ডিতের নির্দেশেই গুলি চালিয়েছিল এই অভিযুক্ত। এমনকী, হামলায় জড়িত এক শুটারকে পিস্তল সরবরাহ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাম তার প্রাঞ্জল থাকরল।
পুলিশের দাবি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত অনিল পণ্ডিত বর্তমানে আমেরিকা থেকে বিষ্ণোই গ্যাংয়ের কার্যকলাপ পরিচালনা করছেন বলেই অনুমান। এই হামলার ছক কষেছিলেন তিনিই। আর সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল প্রাঞ্জলের উপর। শুটারদের আর্থিক সাহায্য থেকে হামলা সফল করতে যাবতীয় ব্যবস্থা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশের নজর এড়াতে অনিল পণ্ডিত ও প্রাঞ্জল একটি মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন বলে জানা গিয়েছে। প্রাঞ্জলের মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া কথোপকথন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করে অনিল পণ্ডিতের সঙ্গে যোগসূত্র এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের খোঁজ চালাচ্ছে পুলিশ।
বাইশ বছর বয়সি প্রাঞ্জল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। এক ব্যবসায়ীর উপর হামলার অভিযোগে হাজতবাস করতে হয়েছিল। গত মার্চ মাসে জামিনে মুক্তি পেয়েছিল। সেই হামলাও অনিল পণ্ডিতের নির্দেশে করা হয়েছিল বলে অভিযোগ। জেল থেকে মুক্তি পেতেই ফের অনিল পণ্ডিতের সঙ্গে যোগাযোগ শুরু করে প্রাঞ্জল। এরপর মুম্বইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের উপর হামলার পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত হয়ে যায় বলে অভিযোগ।
কথায় আছে কান টানলে মাথা আসে। ঠিক সেরকমই অনিল পণ্ডিতের নাগাল পেতে প্রাঞ্জলকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে দেখছেন মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা। মূল অভিযুক্ত অনিল পণ্ডিত বিদেশে আত্মগোপন করে রয়েছেন বলে সন্দেহ পুলিশের। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রাঞ্জলকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
টাইগার শ্রফ নয়। শুটারদের আসল লক্ষ্য ছিল আরও বড় কোনও ফিল্ম তারকা। বিস্ফোরক তথ্য উঠে এসেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জেরায়। এবার গুলিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশের দাবি, আততায়ীদের প্রাথমিক নিশানায় ছিলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। কিন্তু, অভিনেতার গতিবিধি সম্পর্কে সঠিক তথ্য না পাওয়ায় শেষ পর্যন্ত টাইগার শ্রফকে নিশানা করা হয় বলে অভিযোগ।