পাকিস্তানের ব্রড পিকে (Broad Peak) ভয়াবহ তুষারধসের পর নেপালের কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা (Nirmal Purja) ও তাঁর দলের ১০ সদস্য নিখোঁজ। চূড়ান্ত উদ্বেগে আন্তর্জাতিক পর্বতারোহণ মহল। বিশ্বের অন্যতম সেরা পর্বতারোহীও প্রকৃতির সামনে অসহায় হয়ে পড়লেন। অনেকেই মনে করেন, এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাহাড়। তথ্য বলছে অন্য কথা। পৃথিবীতে এমন কয়েকটি শৃঙ্গ রয়েছে, যার প্রতিটি পদক্ষেপ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের সমান।
ব্রড পিক: কে-টুর পাশের নীরব মৃত্যুফাঁদ
এই ঘটনার পর সামনে এসেছে ব্রড পিক নিয়ে নানা তথ্য। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত ৮,০৪৭ মিটার উচ্চতার এই শৃঙ্গ উচ্চতার নিরিখে বিশ্বে দ্বাদশ। কে-টুর তুলনায় কম প্রযুক্তিনির্ভর মনে হলেও তুষারধস, গভীর হিমখাত, দ্রুত আবহাওয়ার পরিবর্তন এবং ৮ হাজার মিটারের উপরের ডেথ জোন (Death Zone) এই পাহাড়কে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। নির্মল পুরজাদের নিখোঁজ হওয়ার ঘটনাও সেই বিপদেরই সাম্প্রতিক উদাহরণ।
কে-টু: ‘স্যাভেজ মাউন্টেন’
৮,৬১১ মিটার উচ্চতার কে-টু (K2) বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু পর্বতারোহীদের অনেকেই একে এভারেস্টের থেকেও কঠিন বলে মনে করেন। খাড়া বরফপ্রাচীর, অনিশ্চিত আবহাওয়া, প্রবল ঝড়, তুষারধস এবং জটিল রুটের কারণে এই পাহাড়ের ডাকনাম ‘স্যাভেজ মাউন্টেন (Savage Mountain)’।
অন্নপূর্ণা ১: তুষারধসের আতঙ্ক
নেপালের ৮,০৯১ মিটার উচ্চতার অন্নপূর্ণা ১ (Annapurna I) বহুদিন ধরেই বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী আট হাজারি শৃঙ্গগুলির অন্যতম। অস্থিতিশীল বরফস্তর, ঘন ঘন তুষারধস এবং কঠিন আরোহণপথ এই পাহাড়কে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে।
নাঙ্গা পর্বত: ‘কিলার মাউন্টেন’
পাকিস্তানের ৮,১২৬ মিটার উচ্চতার নাঙ্গা পর্বত (Nanga Parbat)-ও বহু পর্বতারোহীর প্রাণ কেড়েছে। পাথর ধস, তুষারধস, প্রতিকূল আবহাওয়া এবং বিশ্বের সর্বোচ্চ পর্বতপ্রাচীর রুপাল ফেস (Rupal Face) এই শৃঙ্গকে ভয়ঙ্কর করে তুলেছে।
কাঞ্চনজঙ্ঘা: আবহাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ
বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) ভারত-নেপাল সীমান্তে অবস্থিত। ভারী তুষারপাত, হিমবাহের গভীর ফাটল, তুষারধস এবং চরম আবহাওয়া এই পাহাড়ে অভিযানকে অত্যন্ত কঠিন করে তোলে। স্থানীয় ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে বহু পর্বতারোহী মূল শৃঙ্গ স্পর্শ না করেই ফিরে আসেন।
ধৌলাগিরি- ১: ঝড় আর হোয়াইটআউটের পরীক্ষা
৮,১৬৭ মিটার উচ্চতার ধৌলাগিরি-১ (Dhaulagiri I) প্রবল হাওয়া, হোয়াইটআউট, আইসফল এবং তুষারধসপ্রবণ ঢালের জন্য পরিচিত। প্রযুক্তিনির্ভর আরোহণ এবং দ্রুত বদলে যাওয়া আবহাওয়া এই পাহাড়কে হিমালয়ের অন্যতম কঠিন অভিযানে পরিণত করেছে।
আইগার: উচ্চতা কম, ঝুঁকি নয়
মাত্র ৩,৯৬৭ মিটার উচ্চতার সুইজারল্যান্ডের আইগার (Eiger) বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ। এর উত্তর ঢাল ‘মার্ডার ওয়াল (Murder Wall)’ নামে পরিচিত। পাথর ধস, বরফ খসে পড়া, আকস্মিক ঝড় এবং অত্যন্ত কঠিন রুটের কারণে এই পাহাড় তুলনামূলকভাবে কম উঁচু হলেও অভিজ্ঞ পর্বতারোহীদের একটা বড় চ্যালেঞ্জ।