দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন শাহরুখ খানের নায়িকা, বিশেষ ছবি দিয়ে সুখবর ভাগ করলেন মাহিরা খান

২০১৭ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ছবি ‘রঈস’। নায়িকার ভূমিকায় শাহরুখের বিপরীতে দেখা যায় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। সেই থেকে ভারতীয় দর্শকের কাছে পরিচিত মুখ তিনি। এ বার সুখবর....

২০১৭ সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ছবি ‘রঈস’। নায়িকার ভূমিকায় শাহরুখের বিপরীতে দেখা যায় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে। সেই থেকে ভারতীয় দর্শকের কাছে পরিচিত মুখ তিনি। এ বার সুখবর দিলেন অভিনেত্রী। দ্বিতীয় বার মা হতে চলেছেন মাহিরা।

অত্যন্ত সহজ ও ব্যক্তিগত ভঙ্গিতে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ৪১ বছর বয়সি অভিনেত্রী। সাদা রঙের ঢিলেঢালা গাউন পরে স্ফীতোদরের ছবি ভাগ করেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে মাহিরা লিখেছেন, “আমরা আমাদের মতো পরিকল্পনা করি ঠিকই, কিন্তু সব কিছুর উপরে থাকে ঈশ্বরের পরিকল্পনা।” মাহিরার এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী এবং শুভানুধ্যায়ীরা।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর সময় বেশ সাধারণ সাজেই দেখা গিয়েছে মাহিরাকে। ফুলহাতা সাদা গাউনে এক হাত পেটের উপর রেখে শান্ত ও হাসিমুখে পোজ় দিয়েছেন তিনি। ছবিতে অতিরিক্ত সাজসজ্জা বা কোনও জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না। বরং সেই সারল্যই মুহূর্তটিকে আরও ব্যক্তিগত করে তুলেছে।

বর্তমানে টরন্টোর চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানেই রয়েছেন মাহিরা। সেখানকার একটি অনুষ্ঠানের অংশ হিসাবে এক আলোচনাসভার সঞ্চালনা করেছেন তিনি। পাশাপাশি, সিনেমায় অবদানের জন্য সম্মানিতও হয়েছেন অভিনেত্রী।

 

২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। তাঁদের এটি প্রথম সন্তান হতে চলেছে। তবে মাহিরার দ্বিতীয় সন্তান এটি। প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তাঁর ১৭ বছরের ছেলে আজ়লান রয়েছে। মাহিরার বিয়ের দিনও মায়ের পাশে ছিল আজ়লান। মায়ের হাত ধরে বিয়ের জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার মুহূর্ত ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা। ‘হমসফর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান তিনি। পরে ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে বলিউডে অভিষেক হয় তাঁর। এ ছাড়া, ‘সদকে তুমহারে’, ‘বিন রোয়ে’, ‘সুপারস্টার’-এর মতো একাধিক জনপ্রিয় কাজ রয়েছে মাহিরার ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।