পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। এখন থেকেই সম্ভাব্য ভারতীয় দল নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। সেই আলোচনায় চমক প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পার। তাঁর পছন্দের ১৫ জনের দলে জায়গা পেল ১৫ বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। দলে রয়েছেন বহু যুদ্ধের নায়ক ভুবনেশ্বর কুমার এবং উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। তবে নেই যশস্বী জয়সওয়াল। সুযোগ পাননি গৌতম গম্ভীরের ‘প্রিয় পাত্র’ ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানা।
নিজের পছন্দের দলকে উথাপ্পা বলেছেন ‘বম্ব স্কোয়াড’। তাঁর কথায়, “বিশ্বকাপের এখনও এক বছর বাকি। তবে এই ১৫ জন যদি আগামী এক বছর একসঙ্গে খেলতে পারে, তাহলে নিখুঁত হবে প্রস্তুতি। আমার মনে হয়, এটাই একটা বম্ব স্কোয়াড।” ব্যাটিং বিভাগে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলকে রেখেছেন উথাপ্পা। রেখেছেন রোহিত শর্মাকেও। ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও উথাপ্পার পরিকল্পনায় এখনও রয়েছেন হিটম্যান। তবে সবচেয়ে বড় চমক বৈভব। যশস্বী জয়সওয়ালের পরিবর্তে রোহিতের সঙ্গে ওপেনিংয়ের ব্যাকআপ হিসাবে রাজস্থান রয়্যালসের এই তরুণ সতীর্থকে বেছে নিয়েছেন উথাপ্পা। মাত্র ১৫ বছর বয়সেই বৈভবকে বিশ্বকাপের মতো বড় মঞ্চের সম্ভাব্য দলে রাখার সিদ্ধান্ত নিঃসন্দেহে চমকপ্রদ।