বিশ্বজুড়ে সমুদ্রে কর্মরত কর্মীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা অন্যতম বৃহত্তম। বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের প্রায় ১২.২ শতাংশই ভারতীয়। যদিও গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের জ্বালানির ধমনী হরমুজের জাহাজগুলিতে বারবার হামলা হয়েছে। ক’দিন আগেই দিল্লি জানিয়েছিল, ছয় মাস অতিক্রান্ত অশান্তিতে ১৬ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন নাবিক। এবার ভারতীয় নাবিকদের সংগঠন গত এপ্রিল মাসের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা গিয়েছে, ইরান-আমেরিকার যুদ্ধের মাঝে পড়ে কতটা ভয়ংকর পরিস্থিতি হয়েছে ভারতীয় নাবিকদের।
ভিডিওটি গত ২২ এপ্রিলের। হরমুজে পানামার পতাকাবাহী পণ্যবাহী একটি জাহাজ ঘিরে ফেলে হামলা চালায় ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পস। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রকেটচালিত গ্রেনেড নিক্ষেপে করা হচ্ছে পণ্যবাহী জাহাজটিকে লক্ষ্য করে। উপায়হীন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে নাবিকরা জাহাজের ভেতরে আশ্রয় নিচ্ছিলেন। সেই সময় কেন্দ্রের জাহাজ মন্ত্রক জানিয়েছিল, জাহাজটিতে ২১ ভারতীয় নাবিক ছিলেন। যদিও হামলায় জাহাজের ক্ষতি হলেও ভারতীয় নাবিকরা নিরাপদেই রয়েছেন।