রাষ্ট্রবাদী সরকার ফেলার ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ছারপোকাদের থেকে সাবধান থাকারও পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, ‘চারিদিকে অনেক ছারপোকা বেরিয়েছে, হালকাভাবে নেবেন না।’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মধ্যে তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। তাঁর হুঁশিয়ারি, দেশের ভিতরে এই সব ‘ছারপোকা’রা ঢুকে আছেন। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।
রবিবার, আলিপুরে বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে তিনি ব্যাখ্যা করেন, কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘করুণ’ পরিণতি হল। তিনি জানান, হিন্দু ধর্ম, হিন্দু সংগঠন, হিন্দু দেবদেবী ও পরম্পরা ও সংস্কৃতিকে আঘাত করেছিলেন বলেই গণতান্ত্রিকভাবে মমতার এই পরিণতি হয়েছে। কলকাতাকে ‘ডিভোশনাল ক্যাপিটাল’ বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে গোটা বাংলায় ধর্ম দেখে অত্যাচারের খতিয়ানও তুলে ধরেন তিনি। এছাড়াও তাঁর বক্তব্যে উঠে আসে অপারেশন সিঁদুর প্রসঙ্গও।