সৈয়দ কাহের
কার্ডিফ, যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে আগামী ১১ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন।
লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হল, ১২৪–১২৬ চেশায়ার স্ট্রিট, লন্ডন ই২ ৬ইজে-এ আয়োজিত এ সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত বৃহত্তর সিলেটের মানুষ, কমিউনিটি নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সিলেটপ্রেমীদের অংশগ্রহণের কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের মাধ্যমে বৃহত্তর সিলেট কমিউনিটির মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার করার পাশাপাশি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।
সম্মেলনের মূল প্রতিপাদ্য— “ঐক্যের বন্ধনে, সম্প্রীতির প্রাঙ্গণে—সিলেটের ঐতিহ্য ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে।”
অনুষ্ঠানে একইসঙ্গে “ঐক্যের বন্ধন” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হবে। আয়োজকদের প্রত্যাশা, যুক্তরাজ্যে বসবাসরত সর্বস্তরের সিলেটপ্রেমী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, “ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সবার উপস্থিতি ও আন্তরিক সহযোগিতাই সম্মেলনের সৌন্দর্য ও সাফল্যকে আরও সমৃদ্ধ করবে।”
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে সম্মেলনে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটের সকল মানুষ, শুভাকাঙ্ক্ষী ও কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিদের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।