এশিয়া কাপে ব্যর্থতা, নারী দলে আসতে পারে বড় পরিবর্তন

এবারের নারী এশিয়া কাপে মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলো ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার নিদারুণ চিত্র ফুটিয়ে তুলেছেন ব্যাটাররা। এর মধ্যে তিনটিতেই বাংলাদেশের স্কোর ছিল ১০০ বা এর আশেপাশে। এই অবস্থা....

এবারের নারী এশিয়া কাপে মোট চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবগুলো ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার নিদারুণ চিত্র ফুটিয়ে তুলেছেন ব্যাটাররা। এর মধ্যে তিনটিতেই বাংলাদেশের স্কোর ছিল ১০০ বা এর আশেপাশে। এই অবস্থা শুধু এশিয়া কাপে না, গত কয়েক বছর ধরেই ব্যাটিংয়ের এই করুণ অবস্থা চলমান। ফলাফল হিসেবে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত পারফরম্যান্সও তলানির দিকে যাচ্ছে। গত কয়েকটি সিরিজে ব্যাটহাতে দায়িত্ব নিতে পারছেন না তিনি। রান করলেও ব্যাটিং করছেন বেশ ধরিগতিতে। সবমিলিয়ে নারী ক্রিকেট নিয়ে ভাবনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনতে পারে বড়সড় পরিবর্তন।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা এটি পর্যবেক্ষণ করছি। কারণ সদ্যই এশিয়া কাপ শেষ হলো। সেখান থেকে ওরা সরাসরি এশিয়ান গেমসে খেলতে যাবে। আমি এখন এমন কথা বলতে চাচ্ছি না…যেহেতু দল আগেই নির্বাচিত হয়েছে, অধিনায়কও নির্ধারিত। আরও দেড়-দুই মাস আগে দল পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এশিয়া কাপে ব্যর্থ বাংলোদেশের এখন সামনে নতুন লক্ষ্য এশিয়ান গেমস। এই টুর্নামেন্টের জন্য এক সঙ্গেই দল ঘোষণা করেছিল বিসিবি। যে কারণে এই টুর্নামেন্টে আর পরিবর্তন আনতে চাচ্ছে না বিসিবি। আপাতত এশিয়ান গেমসের দিকেই নজর দিতে চায় বোর্ড।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘এখন এই দলটাই খেলতে হবে। আমরা আশা করছি ওখানে গিয়ে তারা ভালো খেলবে। যে সমস্ত ভুলগুলো করেছে সেগুলো শুধরে দেশের সুনাম বয়ে আনবে। এই মুহূর্তে যেগুলো শোনা যাচ্ছে, সেগুলো আমরাও শুনেছি, পর্যবেক্ষণ করছি। তবে টুর্নামেন্টের পর ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করব।’

এশিয়ান গেমস শেষে বাংলাদেশের গন্তব্য হবে তাসমান পাড় অর্থাৎ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেই সফরের আগে দলে যে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে, তার একটি ইঙ্গিত দিয়ে রাখলেন নারী উইংয়ের চেয়ারম্যান।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘যেহেতু ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে, দেখি এশিয়ান গেমসে তারা কেমন খেলে। আমরা আশা করছি ভালো খেলবে। তারপরে আমরা সিদ্ধান্ত নেব আসলে কী করা যায়। তারপর আমাদের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর আছে, অনেক কিছুই করার আছে আমাদের।’

এশিয়ান গেমসে বাংলাদেশের সাফল্যের ওপর নির্ভর করছে অফফর্মে থাকা ক্রিকেটারদের ভাগ্য। এ নিয়ে বাবু বলেন, ‘আমাদের বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে। আপনারা জানেন এশিয়ান গেমসের নাম অনেক আগেই দিতে হয়। আমরা যদি দেখি ওখানে ভালো পারফর্ম করে, সবকিছুই ঠিকঠাক থাকে তাহলে একরকম। আর আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে সেগুলো ইনশাআল্লাহ আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’