অবসরের পরও ছাড় নেই! ডোপ টেস্টে ব্যর্থ তৃণমূলে যোগ দেওয়া অ্যাথলিট স্বপ্না

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত যেন অ্যাথলিট স্বপ্না বর্মনের জীবনে দুঃস্বপ্ন ডেকে এনেছে। রাজনীতিতে যোগের পর একের পর এক ধাক্কা নেমে এসেছে তাঁর জীবনে। বাবাকে হারিয়েছেন, ভোটে হেরেছেন, বাড়িতে আগুনও লেগেছে।....

রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত যেন অ্যাথলিট স্বপ্না বর্মনের জীবনে দুঃস্বপ্ন ডেকে এনেছে। রাজনীতিতে যোগের পর একের পর এক ধাক্কা নেমে এসেছে তাঁর জীবনে। বাবাকে হারিয়েছেন, ভোটে হেরেছেন, বাড়িতে আগুনও লেগেছে। এবার কেরিয়ারেও বড়সড় ধাক্কা। ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন ভারতকে এশিয়াডে সোনা এনে দেওয়া অ্যাথলিট। চমকপ্রদভাবে স্বপ্না আগেই অবসর ঘোষণা করেছেন। কিন্তু অবসরের পরও তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে।

২৯ বছরের স্বপ্নার রক্তের নমুনায় নিষিদ্ধ অ্যানাবোলিক- অ্যন্ড্রোজেনিক স্টেরয়েড বোল্ডেনন পাওয়া গিয়েছে। মানবদেহের টেস্টোস্টেরনের মাত্রা হ্রাসকারী হিসেবে পরিচিত ড্রাগ হল বোল্ডেনন। যা ক্রীড়াক্ষেত্রে নিষিদ্ধ। ন্যাশনাল অ্যান্টি ডোপিং সংস্থা সূত্র বলছে, স্বপ্নাকে এবার তলব করা হবে। তাঁকে দ্বিতীয়বার রক্তের নমুনা দিতে বলা হবে। দ্বিতীয়বার পরীক্ষায় ফের ব্যর্থ হলে তাঁকে স্থায়ীভাবে নির্বাসনের শাস্তি দিতে পারে নাডা। এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনাজয়ীকে ইতিমধ্যেই সাময়িক ভাবে নির্বাসিত করেছে জাতীয় ডোপ-বিরোধী সংস্থা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এমনিও খেলাধুলো সম্পর্কিত কোনও কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না স্বপ্না।