মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-র শুভ জন্মদিন উপলক্ষে নদীয়া জেলার ফুলিয়ার বিশ্ববিখ্যাত তাঁতশিল্পী তথা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বীরেন কুমার বসাক ফুটিয়ে তুলেছেন এক অতুলনীয় শিল্পকর্ম। হাতে আঁকা কোনও তুলির টান নয়, সম্পূর্ণ জামদানি বুননের মাধ্যমে রেশম সুতোয় ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর এক নিখুঁত লাইন আর্ট পোর্ট্রেট। বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উৎকর্ষ এবং কারিগরদের অসামান্য দক্ষতার নিদর্শন হিসেবে এই জামদানি ওয়াল আর্টটি প্রধানমন্ত্রীর জন্মদিনের বিশেষ নিবেদন।
জামদানি বুননের এই বিশেষ ফাইন আর্ট বা লাইন আর্টের ভাবনা ঐতিহ্যবাহী বুননে এনেছে এক নতুন দিগন্ত। বীরেন কুমার বসাকের সুযোগ্য পুত্র অভিনব বসাক প্রথম এই বৈপ্লবিক চিন্তাভাবনা ও ইনোভেশনের সূচনা করেন। ২০১৬ সালে প্রথমবার এই পদ্ধতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পোর্টেট জামদানি বুননে তৈরি করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পর থেকে একের পর এক গুণী ব্যক্তিত্বের ছবি জামদানিতে বোনা হলেও, এই ধারার সর্বশেষ এবং অন্যতম শ্রেষ্ঠ কাজ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোর্ট্রেট ওয়াল আর্ট।
এই বিরল ও জটিল শিল্পকর্মটি বাস্তবায়িত করার নেপথ্যে রয়েছেন দক্ষ তাঁতশিল্পীদের দিনরাতের পরিশ্রম। বীরেন কুমার বসাক জানিয়েছেন, তাঁর টিমের অত্যন্ত গুণী ও দক্ষ তাঁতশিল্পী বিবেক বিশ্বাসের হাতের জাদুতেই ফুটে উঠেছে এই শিল্পকর্ম। প্রথম থেকেই (২০১৬ সাল থেকে) তিনি এই বিশেষ আর্টের কাজগুলো করে আসছেন। মোদীর এই প্রতিকৃতি তৈরি করতে সময় লেগেছে মাত্র ১০ দিন। বলাই বাহুল্য, এটি কোনও বাণিজ্যিক কারণে তৈরি করা হয়নি। প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলার তাঁতশিল্পীদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি হিসেবে এই শিল্পকর্মটি করা হয়েছে।
প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। ওই বিশেষ দিনে উপহার-স্বরূপ বাংলা থেকে বীরেন কুমার বসাকের পক্ষ থেকে এই বিশেষ প্রতিকৃতিটি ক্যুরিয়ার করে পাঠানোর ব্যবস্থা করা হবে।