‘হিন্দুত্ববাদীদের অপমান? আমি ছাড়ার পাত্র নই’, বাড়িতে হামলার ঘটনায় বিকাশের পোস্টে রুষ্ট মুখ্যমন্ত্রী

হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ তুলেছিলেন বামনেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। গন্ডগোলটা সেখানেই। কেন তিনি সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদীদের নাম নিয়েছেন, সেই নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু....

হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ তুলেছিলেন বামনেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। গন্ডগোলটা সেখানেই। কেন তিনি সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদীদের নাম নিয়েছেন, সেই নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই বিকাশের বিরুদ্ধে তপসিয়া ও গড়ফা থানায় এফআইআর করেছে হিন্দুত্ববাদী সংগঠন। এদিকে হামলার ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ, শুক্রবার তাঁকে তোলা হবে আদালতে।

 

 

ঘটনা হল, ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি। অভিযোগ, বৃহস্পতিবার সকালে বাইকে করে বেশ কয়েকজন যুবক তাঁর বাড়ির সামনে যায়। তাঁদের মুখ ঢাকা ছিল বলে অভিযোগ বামনেতার। শুধু তাই নয়, নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে দাবি। ফলে কাউকে চেনা সম্ভব হয়নি। সিপিএম নেতা বলেন, হঠাৎ করে বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় বাড়ির জানলার কাচও। তাঁর অভিযোগ, একেবারে পরিকল্পনা করে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন বিকাশরঞ্জন। দাবি করেছিলেন এই হামলার নেপথ্যে হিন্দুত্ববাদী গুন্ডারা রয়েছে। সেই মন্তব্যের জেরেই আর চুপ করে থাকলেন না মুখ্যমন্ত্রী।

 

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত নবম ‘মেডিভিশন ন্যাশনাল কনভেনশন’-এর মঞ্চ থেকে শুভেন্দু বলেন,  ওই সিপিএম নেতার বাড়িসংক্রান্ত ঘটনাটি ঘটার পরেই পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল এবং অপরাধীকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু তা সত্ত্বেও পুরো হিন্দু সমাজকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত চলছে বলে অভিযোগ তাঁর।

 

 

ক্ষুব্ধ শুভেন্দুর বক্তব্য, “রাজ্যে অরাজকতা সৃষ্টির সুযোগ আমরা কাউকেই দেব না। অভিযুক্তকে ধরা হয়েছে। তা সত্ত্বেও নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখে দেওয়া হল ‘হিন্দুত্ববাদীদের আক্রমণ’! এটা আদতে পুরো হিন্দু সমাজকে অপমান করা। আমি এই ধরনের অপপ্রচার ছেড়ে দেওয়ার পাত্র নই। এ সবের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “গেরুয়া, হিন্দুত্ব, সনাতন ধর্ম কিংবা জাতীয়তাবাদের দিকে যারা অহেতুক আঙুল তুলবে, তাদের আইনি পথেই উপযুক্ত জবাব দেওয়া হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই কাজ করব।”

দুপুরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “বিকাশবাবু যদি আমার এই প্রেস কনফারেন্সের ২৪ ঘণ্টার মধ্যে তাঁর বক্তব্য ডিলিট বা সংশোধন করে নেন, তবেই ভাল। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কোনওভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হওয়া বরদাস্ত করা হবে না। কিন্তু তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ‘হিন্দুত্ববাদী’ শব্দবন্ধ ব্যবহার করে ঠিক কী বোঝাতে চেয়েছেন?”

তিনি আরও জানান, এই মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে দুটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। বিরোধী দলনেতার স্পষ্ট হুঁশিয়ারি, “তিনি যদি পোস্টটি সংশোধন না করেন, তবে তাঁর বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইনজীবী পেশাকে ঢাল বানিয়ে ছাড় পাওয়া যাবে না, সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

এ ব্যাপারে বিকাশের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পেলে এই প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।

এখানে বলে রাখা দরকার, বিকাশের বাড়িতে হামলার ঘটনায় গতকালই সরব হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দিল্লি থেকে ফিরে এসে ‘বিকাশদা’র সঙ্গে দেখা করবেন।