ডার্বি মানেই আলাদা উত্তেজনা। ময়দানের দুই প্রধান যখন মুখোমুখি হয়, তখন শহরের রং এক্কেবারে পালটে যায়। আর আগামী ২৩ আগস্ট উত্তেজনার পারদ আরও বাড়তে চলেছে। কলকাতা ডার্বি দিয়েই শুরু হয়েছিল এবারের ডুরান্ড কাপের আসর। শেষটাও হতে চলেছে সেই মহারণের মধ্য দিয়েই। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ট্রফির লড়াইয়ে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। তার আগে, শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত ফাইনালের টিকিট বিক্রি।
শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম বুকমাইশো-তে টিকিট পাওয়া যাচ্ছে। দাম শুরু হচ্ছে ২৫০ টাকা থেকে। C1-এর দাম আড়াইশো টাকা। ২৫০ টাকায় টিকিট পাওয়া যাবে D1 এবং D3 ব্লকে। C2 ব্লকের টিকিটের দাম ২৫০ টাকা। C3 এবং D2-এর টিকিট মূল্য ৩০০ টাকা। মোহনবাগান সমর্থকদের জন্য এই ব্লকগুলির টিকিট বরাদ্দ। ইস্টবেঙ্গল সমর্থকরা একই দামে টিকিট কাটতে পারবেন। তবে তাদের জন্য বরাদ্দ B, A ও C2 রাইট। ফাইনাল ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। তিন বছর পর ফের ডুরান্ডের ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান। রবিবার বিকেল ৫টায় ম্যাচ। স্টেডিয়াম কানায় কানায় ভরে উঠবে বলেই মনে করা হচ্ছে।