বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের অবদান, অর্জন ও মেধাকে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধ জাতি গঠনে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। প্রবাসীদের সাংবিধানিক, নৈতিক ও মানবিক অধিকার সুরক্ষা, ন্যায্য দাবি আদায় এবং দেশে-বিদেশে তাঁদের বিভিন্ন ধরনের হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে।
যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী, পেশাজীবী ও নতুন প্রজন্মের সংগঠকদের সমন্বয়ে গঠিত এই সংগঠন প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ ও আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের সাবেক বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইনকে সভাপতি এবং সংগঠক সিরাজুল ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক করে একটি কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
সম্প্রতি লন্ডনে জাজ মোহাম্মদ বেলায়েত হোসাইনের সভাপতিত্বে এবং ব্যারিস্টার আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনের নাম, সাংগঠনিক কাঠামো, কার্যনির্বাহী কমিটি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি প্রবাসীদের অধিকার বিষয়ে সোচ্চার উচ্চশিক্ষিত তরুণ ব্রিটিশ-বাংলাদেশিরাও অংশ নেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক সভাপতি রফিক হায়দার, ব্যারিস্টার আব্দুল মালিক, গবেষক ড. আবদুদ দাইয়ান মুহাম্মদ ইউনুছ, সাবেক কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাকিম প্রামাণিক, লেখক ও সংগঠক সিরাজুল ইসলাম শাহিন, গোলাম মোর্তজা সিআইপি, সাবেক কাউন্সিলর ব্যারিস্টার খালেদ নূর, সলিসিটর জহির আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক অলিউল্লাহ নোমান, চ্যারিটি সংগঠক আব্দুল লতিফ, প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সেক্রেটারি ব্যারিস্টার বদরে আলম দিদার, ব্যারিস্টার আব্দুল হালিম সরকার, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, রফিকুল ইসলাম এমদাদ, শাহরিয়ার আলম শিপার, সৈয়দ জুলকারনাইন জুম্মা, জুবের আহমদ আহাদ ও আব্দুল্লাহ আল মুনিম প্রমুখ।
প্রবাসীদের অবদান, অধিকার ও হয়রানির প্রসঙ্গ
সভায় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি নানা পেশায় নিয়োজিত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশায় প্রবাসী বাংলাদেশিরা দক্ষতা, সততা ও সাফল্যের সঙ্গে অবদান রাখছেন। ব্যবসা-বাণিজ্যেও অনেকে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন।
বক্তারা উল্লেখ করেন, প্রবাসীদের শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি, দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনেও প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে চলেছেন।
তবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও প্রবাসীরা যথাযথ মর্যাদা, সেবা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁদের অভিযোগ, দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকেই অনেক প্রবাসীকে অবহেলা ও হয়রানির শিকার হতে হয়। বিদেশে বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট থেকে প্রয়োজনীয় সেবা নিতে গিয়েও অনেকে ভোগান্তিতে পড়েন। এ পরিস্থিতির অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা এবং কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিয়ে দেশ গর্ব করলেও তাঁদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই প্রবাসীদের অবদানকে শুধু অর্থনৈতিক পরিসংখ্যানে সীমাবদ্ধ না রেখে তাঁদের নাগরিক মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় বাস্তব পদক্ষেপ নিতে হবে।
একই সঙ্গে দেশের ব্যাংকিং খাতে অনিয়ম ও বিশৃঙ্খলা বন্ধের দাবি জানিয়ে বক্তারা ইসলামী ব্যাংক নিয়ে অনিশ্চয়তা ও বিতর্কের অবসানের আহ্বান জানান।
ভোটাধিকার ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
সভায় প্রবাসীদের পাঠানো অর্থের নিরাপত্তা, দেশে থাকা পারিবারিক ও ব্যবসায়িক সম্পত্তির সুরক্ষা, বিদেশে হয়রানি বন্ধ এবং প্রবাসে থেকেই ভোট দেওয়া ও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। বক্তারা মনে করেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা সমাধানে সরকারের ওপর কার্যকর চাপ সৃষ্টি এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের দাবি তুলে ধরতে ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই।
দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে বক্তারা বলেন, যুক্তরাজ্য, ইউরোপ ও কানাডাসহ বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত দ্বৈত নাগরিকদের অনেকে যুক্তরাজ্যের স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতিতে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রবাসীদের যেসব আইনি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়, সেগুলোর সমাধান প্রয়োজন।
তাঁদের মতে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য সহজ ও কার্যকর ভোটব্যবস্থা গড়ে তোলা এবং এ-সংক্রান্ত আইন ও নীতিমালা পর্যালোচনা করা সময়ের দাবি।
সভায় প্রবাসীদের বহুমাত্রিক সমস্যা চিহ্নিত করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদ
উপদেষ্টা পরিষদে রয়েছেন বিচারপতি ইমান আলী, বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি শাহগির বখত ফারুক, ড. হাসনাত হোসাইন এমবিই, জাজ নজরুল খসরু, বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব কেএম আবু তাহের চৌধুরী, বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি বশির আহমদ, সাবেক মেয়র সাইফুল আলম, সাবেক মেয়র ও সলিসিটর শফিকুল হক, মাওলানা মওদুদ হাসান, মুনসব আলী জেপি, ড. এ ডিএম ইউনুস এবং ব্যারিস্টার আসাদুজ্জামান।
কার্যনির্বাহী কমিটি
সভাপতি: জাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন।
সহসভাপতি: ব্যারিস্টার আতাউর রহমান, রফিক হায়দার ও ড. মুহাম্মদ মুস্তাকিম প্রামাণিক।
সাধারণ সম্পাদক: সিরাজুল ইসলাম শাহিন।
যুগ্ম সম্পাদক: ব্যারিস্টার আব্দুল হালিম সরকার ও সৈয়দ জুলকারনাইন জুম্মা।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: অলিউল্লাহ নোমান।
অফিস সম্পাদক: সুমন মাহমুদ।
অর্থ সম্পাদক: জুবের আহমদ আহাদ।
কার্যনির্বাহী সদস্য: ব্যারিস্টার আব্দুল মালিক, চ্যারিটি সংগঠক আব্দুল লতিফ, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার দেওয়ান মাহ্দী, ব্যারিস্টার খালেদ নূর, গোলাম মোর্তজা সিআইপি, ব্যারিস্টার ইকবাল হোসাইন, টিভি উপস্থাপক মাওলানা মো. আব্দুল কুদ্দুস, মাওলানা মোহাম্মদ আব্দুল কারীম, ব্যারিস্টার সাঈদ হাসান, সলিসিটর জহির আহমদ, ব্যারিস্টার বদরে আলম দিদার, ব্যারিস্টার ওয়াহিদ মাহবুব, আলিজামান আওরঙ্গজেব (বুলবুল), মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, সুলতান আহমদ, রাইসুল ইসলাম রাসেল, অ্যাকাউন্ট্যান্ট আশরাফ পারভেজ, সাংবাদিক আকবর হোসাইন, আব্দুল মুনিম ক্যারল, বদরুজ্জামান বাবুল, রফিকুল ইসলাম এমদাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাফিসা নার্গিস রব্বানী, ফরিদা খানম ফাতিহা, আরিফুর রহমান ভূঁইয়া, শাহরিয়ার আলম শিপার ও আব্দুল্লাহ আল মুনিম।
প্রবাসী কমিউনিটি থেকে আরও সক্রিয়, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও সভায় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।