সোনার শহর বলে এমনিতেই দুবাইয়ের একটা আলাদা নামডাক আছে। সেই শহরের বুকে পা রাখলেই চারপাশের চাকচিক্য চোখ ধাঁধিয়ে দেয়। তবে এবার পর্যটকদের জন্য আরও বড় চমক নিয়ে আসছে এই আরব শহর। শুধু সোনা কেনা বা দেখার দিন শেষ। এবার নাকি সোনার উপর দিয়ে হেঁটে বেড়ানো যাবে! হ্যাঁ, ঠিকই শুনেছেন। ২০২৬ সাল শেষ হওয়ার আগেই দুবাইয়ের বুকেই খুলতে চলেছে বিশ্বের প্রথম এবং দীর্ঘতম ২৪ ক্যারেটের ‘গোল্ড ওয়াকওয়ে’।


চলতি বছরের শুরুতেই দেইরা এলাকায় এই বিশেষ গোল্ড ডিস্ট্রিক্টটি চালু করা হয়। ব্যবসা আর পর্যটনকে এক ছাতার তলায় নিয়ে আসাই এদের মূল লক্ষ্য। বর্তমানে এই এলাকায় এক হাজারের বেশি সোনা, রত্ন, প্রসাধনী, সুগন্ধির বিবিধ নামজাদা দোকান রয়েছে। ইতিমধ্যেই এই এলাকায় পাইকারি সোনা ব্যবসায়ীদের আনাগোনা বহুলাংশে বেড়েছে। আগামী দিনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ ও অলঙ্কার প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনাও করছে দুবাই।

তবে এই স্বর্ণপথে হাঁটার চমকই শেষ কথা নয়। সম্প্রতি দুবাইয়ের ঝুলিতে জুড়েছে আরও এক বিশ্ব রেকর্ড। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের সঙ্গে মানানসই ‘ময়ূরা সহস্র’ নামের এক জোড়া বিশালাকার ঝুমকো বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ‘জয়অলুক্কাস জুয়েলারি’। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে এই ঝুমকো। ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই অলঙ্কারের ওজন ১৬.৫১৪ কিলোগ্রাম! ময়ূরের সৌন্দর্যের আদলে তৈরি এই অনন্য শিল্পকর্মটি বিক্রি করা হবে না। দুবাইয়ে আসা পর্যটকদের দেখার জন্যই এটি স্থায়ীভাবে রেখে দেওয়া হবে।