এবার অতি বামপন্থীদের রাশ টানতে কার্বলিক অ্যাসিডের দাওয়াই দিলেন রাজ্যের শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতি বামেদের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোচ্চার হয়েছিলেন। দেশ বিরোধী স্লোগান, ‘আজাদি’ স্লোগান দেওয়া যাবে না, এই বার্তা জোরালোভাবে মুখ্যমন্ত্রী-সহ বিজেপির প্রথম সারির নেতারা জানিয়েছেন। এবার সেই সুর মিলিয়েই কার্বলিক অ্যাসিডের দাওয়াই অর্জুনের।
অর্জুন সিং কাঁকিনাড়ার পানপুর মোড়ে দলীয় কর্মিসভায় উপস্থিত হয়েছিলেন। সেখানেই তিনি এই মন্তব্য করেন। প্রসঙ্গত, সোমবার রাতে বাম ও অতি বামপন্থীদের ‘বাড়বাড়ন্ত’ নিয়ে বার্তা দিয়েছিলেন। দু’ঘণ্টা সময় তাঁকে দিলেই ব্ল্যাকআউট করে বাংলা থেকে অতি বামপন্থীদের ধুঁয়েমুছে সাফ করে দেবেন। সেই হুঁশিয়ারি দিয়েছিলেন অর্জুন। সেই বক্তব্যের পরেই জোর হইচই দেখা দেয়। এবার তিনি কার্বলিক অ্যাসিডের দাওয়াই দিলেন।
সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। সেখানেই বাম ও অতিবাম প্রসঙ্গ উঠতেই সুর চড়ান অর্জুন। বামপন্থীদের তুলোধনা করে তাঁর কটাক্ষ, “বামপন্থীরা কোনওদিনই দেশের ভালো চায় না। ওরা নিজের বাবা-মাকে সম্মান দেয় না। অথচ কার্ল মার্কস, লেনিনকে ওরা পুজো করে। সুতরাং ওদের কথার কোনও মূল্য নেই।” তিনি আরও বলেন, “দেশবিরোধী শক্তিকে মুখ্যমন্ত্রী আইন ব্যবস্থার মাধ্যমে সামাল দিতে চান। কিন্তু এই বিষয়ে মুখ্যমন্ত্রীর নিজের স্ট্রাটেজি বদলানো দরকার।” এরপরেই আসে কার্বলিক অ্যাসিডের প্রসঙ্গ। অর্জুন বলেন, “যারা দেশবিরোধী স্লোগান দিচ্ছে, তারা এমনি শুনবে না। এদের জন্য কার্বলিক অ্যাসিড লাগবেই লাগবে। কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ পালায়, সেরকম এরাও পালাবে।” এরপর ফের দু’ঘণ্টা সময় দিলে ব্ল্যাকআউট করে ওয়াশআউটের কথা প্রসঙ্গ তোলেন তিনি।